বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যেমন জ্ঞান অর্জন করতে পারি, তেমনি অসতর্কতায় বড় ধরনের গুনাহেও লিপ্ত হতে পারি।
ইন্টারনেটে আমরা অনেক সময় সত্য-মিথ্যা না জেনেই বিভিন্ন তথ্য শেয়ার করি। যাচাই না করে কিছু প্রচার করা মিথ্যার অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে (যাচাই না করে) তাই বলে বেড়ায়।" (সহিহ মুসলিম)।
সোশ্যাল মিডিয়ায় কাউকে ট্রল করা, গালি দেওয়া বা কারো সম্মানহানি করা ভয়াবহ গুনাহ। সরাসরি গীবত করা যেমন হারাম, কমেন্ট বক্স বা স্ট্যাটাসে কারো সম্মানহানি করাও তেমনি অপরাধ।